বিশ্বাস কর, আমি ছিলাম তোমার পাশে


বিশ্বাস কর, আমি ছিলাম তোমার পাশে

ঐদিন,
যখন তুমি বেরিয়ে এলে সেই বিশাল ভবন থেকে,
রিকশাওয়ালার সঙ্গে দরদাম করছিলে,
বলছিলে তোমার গন্তব্যের ঠিকানা—
আমি তখনও ছিলাম তোমার পাশে,
নিঃশব্দ, নির্বিকার।

তোমার প্রতিটি নিঃশ্বাস আমি গুনেছিলাম,
প্রতিটি পদক্ষেপের সঙ্গে
নিঃশব্দে হেঁটেছিলাম আমিও।

তুমি তো জানো,
মিষ্টির প্রতি আমার দুর্বলতা চিরকালের।
একবার ভেবেছিলাম,
গরম লুচির সঙ্গে একটু মিষ্টিমুখ করে আসি—
ক্ষণিকের জন্য সরে যাই তোমার পাশ থেকে।

কিন্তু না,
ওদিকে আমার চোখ যায়নি;
যাইনি আমিও।
তোমাকে একা রেখে
সরে যাওয়ার সাহস হয়নি কোনোদিন।

আজ সাদা এপ্রনের আড়ালে
ফিকে হয়ে গেছে রঙিন পৃথিবীর সমস্ত সাজ।
তবু তোমার হাতে
গাজরার ফুলগুলো এখনো
অদ্ভুত সুন্দর মানিয়ে আছে।

চোখে জমেছে ভয়ের ছায়া,
মুখে মৃত্যুর ক্লান্তি,
অঙ্কুরিত আর্তনাদ,
চারপাশে মাছির অবিরাম ভনভন—
সময় যেন নিজেই
এক নিঃশব্দ শোকগাথা।

ধূপের গন্ধ
আমাকে টেনে নিয়েছে অচেনা এক নিরুদ্দেশে;
তবু বিশ্বাস কর—

শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত,
আমি ছিলাম তোমার পাশে।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —